দলীয় কোন্দলে আ.লীগ প্রার্থীর পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের নির্বাচনে চেয়েও আওয়ামী লীগের সমর্থন পাননি মোশতাক আহমেদ। এরপর দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩০ হাজার ভোট বেশি পেয়ে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
মোশতাক আহমেদ পিএইচডি ডিগ্রিধারী। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। উপজেলা পরিষদের এবারের নির্বাচনে তিনি দলের সমর্থন পান। কিন্তু ফল হয়েছে উল্টো। ২১ হাজার ২১টি ভোট বেশি পেয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতা গিয়াস উদ্দিনের কাছে হেরে গেছেন তিনি। সংস্কারপন্থী হিসেবে পরিচিত হওয়ায় ২০০৯ সালের জুনে উপজেলা বিএনপির সভাপতি থেকে গিয়াস উদ্দিনকে বহিষ্কার করা হয়।
ফলাফলের দিক দিয়ে মোশতাক আহমেদের অবস্থান তৃতীয়। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম। বিজয়ী প্রার্থীর সঙ্গে আরিফের ভোটের ব্যবধান সাত হাজার ৪৬১।
নির্বাচনের পরদিন গতকাল সোমবার ভৈরববাসীর প্রধান আলোচ্য বিষয় ছিল সংস্কারপন্থী নেতা গিয়াস উদ্দিনের উত্থান এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিপর্যয়। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সমর্থনই মোশতাকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চেয়ারম্যান থাকা অবস্থায় চোখে পড়ার মতো উন্নয়নমূলক কোনো কাজ না করায় তিনি জনসমর্থন হারিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মুনসুরের নেতৃত্বে দলটি দুটি ধারায় বিভক্ত। মোশতাক আহমেদ সাধারণ সম্পাদক আবুল মুনসুরের পক্ষে রয়েছেন। এই কারণে সভাপতির অনুসারীরা মোশতাকের পক্ষে মাঠে সরব ছিলেন না। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ওপর সাধারণ ভোটারদের দিন দিন ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভ শুরু হয় সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জীবদ্দশা থেকে। বিশেষ করে ভৈরবকে জেলায় উন্নীত করতে না পারায় হতাশ ছিল সাধারণ মানুষ। তবে এরই মধ্যে ভৈরব-কুলিয়ারচরবাসীর ভোটে জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান একটানা দুবার সাংসদ নির্বাচিত হন। কিন্তু স্থানীয় জনগণের সঙ্গে নাজমুল হাসানের সরাসরি যোগাযোগ নেই। এমনকি তাঁর সাক্ষাৎ পেতে নেতাদেরও ঘাম ঝরাতে হয়। এ কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগের মতো এখন আর সুদৃঢ় নেই।
এ ছাড়া চেয়ারম্যান থাকা অবস্থায় মোশতাক আহমেদ মানুষের চাওয়ার বিন্দুমাত্র প্রতিফলন ঘটাতে পারেননি। জিল্লুর রহমানের জীবদ্দশায় ঘন ঘন বঙ্গভবনে যাতায়াত ছিল তাঁর। এ কারণে এলাকার উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় তাঁর জনপ্রিয়তা কমে যায়। তাঁর কাছ থেকে ভৈরববাসী চোখে পড়ার মতো উন্নয়নও পায়নি। ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে দলের প্রার্থী আবদুল মতিন মাস্টারের পক্ষে কাজ না করে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনকে জয়ী করার ব্যাপারে ভূমিকা রেখে নিজ দলে সমালোচিত হন মোশতাক আহমেদ।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সুলায়মান বলেন, দলীয় কোন্দল এবং প্রার্থী হিসেবে কিছু ব্যর্থতার কারণে পরাজিত হয়েছেন মোশতাক। একই কথা স্বীকার করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ বলেন, দলের ভেতরে চরম সমন্বয়হীনতা থাকায় তাঁদের প্রার্থীর পরাজয় হয়েছে।