দলীয় কোন্দলে দুই পৌরসভায় বিএনপির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে এবার নির্বাচন হচ্ছে চারটি পৌরসভায়। এর মধ্যে সুনামগঞ্জ ও ছাতক পৌরসভায় মেয়র পদে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী নেই। জেলা বিএনপিতে দ্বন্দ্ব ও কোন্দল থাকায় প্রার্থী দেওয়া হয়নি বলে জানা গেছে।দলীয় সূত্র জানায়, জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। সব উপজেলাতেই এই বিভক্তি রয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুই পদ দিয়ে এক বছর ধরে চলছে জেলা বিএনপির কার্যক্রম। দুই পদের জন্য দলের ভেতরেই রয়েছে কমিটির শক্ত প্রতিপক্ষ। দলের ভেতর বিভক্তির কারণে দুই পৌরসভায় প্রার্থী দেওয়া যায়নি বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।গত নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভায় বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করেন পৌর বিএনপির সভাপতি আইনজীবী হুমায়ুন কবীর। জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক আছপিয়া পক্ষের এই নেতা তখন নির্বাচনে পরাজিত হন। এবার তিনি আর প্রার্থী হননি। ছাতক পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। এই চারজনের মধ্যে বিএনপির কোনো প্রার্থী নেই। তবে এক স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির সমর্থন দিয়ে দলের প্রার্থী বানানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।দিরাই পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে আছেন সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই যুবদলের নেতা মঈন উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সাত প্রার্থীর বিপরীতে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের উপজেলা সভাপতি আক্তারুজ্জামান। তিনি গত দুটি নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু জয়ী হতে পারেননি।জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক আছপিয়া বলেন, ‘সুনামগঞ্জ ও ছাতক পৌরসভায় কেউ প্রার্থী হতে আগ্রহ দেখাননি। আর অন্য দুটিতে দুজন দলের সমর্থন পেয়েছেন বলে দাবি করলেও কেন্দ্র থেকে কাউকে সমর্থন দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’