দলীয় নেতা-কর্মীদের চাপে বিএনপি নির্বাচনে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শর্তযুক্ত সংলাপ অর্থবহ হয় না, সংলাপ হতে হবে খোলা মনে। বিএনপির সারা দেশের নেতা-কর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। সংলাপ হোক আর না হোক, আমার বিশ্বাস বিএনপি নির্বাচনে না এসে পারবে না।’
গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে ওভারপাস উদ্বোধনকালে নির্বাচনকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিরোধী দলের দেশ অচল করে দেওয়ার হুমকির কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘দেশ অচল করে দেওয়া মানে দেশের ১৬ কোটি মানুষের জীবনযাত্রা অচল করে দেওয়া। অগণতান্ত্রিক আচরণ ও সহিংসতায় সমাধান নয়; গণতন্ত্রের পথ শান্তির পথ। আমরা এখনো আশা করি, বিএনপি নির্বাচনকালীন সরকারে যোগ দেবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘অন্তর্বর্তী নির্বাচনকালীন সরকারের কাজ হলো একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। আমরা প্রধান বিরোধী দলকে নিয়েই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করতে চাই। তা না হলে প্রধানমন্ত্রী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনার কথা বলতেন না।’