ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে টাকা নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন শাখার কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার অভিযোগ, ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে দলীয় তহবিলের নামে তাঁদের কাছ দেড় থেকে দুই হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু টাকা দিয়েও অনেকে কার্ড পাননি।স্থানীয় সূত্র জানায়, ২০১৩ সালের জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কবাখালী ইউনিয়নের ১৪০ জন দুস্থ নারীর জন্য ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। ভিজিডি কার্ডের তালিকা তৈরি ও তহবিল সংগ্রহের জন্য ডিসেম্বরে আওয়ামী লীগের নেতারা বৈঠক করেন। বৈঠকে দলীয় নেতা-কর্মীদের ভিজিডি-সুবিধা দেওয়া এবং দেড় থেকে দুই হাজার টাকা করে নেওয়ার সিদ্ধান্ত হয়।ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘আমার কোনো ধন-সম্পদ নেই। দিনমজুরি করে সংসার চালাই। আমার স্ত্রী হনুফা আক্তারকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে দলীয় নেতারা আমার কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ নিয়েছেন। কার্ডের জন্য তিন মাস ধরে অপেক্ষা করেছি। কিন্তু কার্ড তো হয়ইনি, টাকাও ফেরত পাইনি।’ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘আমার বোন রেহেনা বেগমের জন্য দুই হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু এখনো কার্ড পাইনি।’মো. সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, আমির হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, ‘দল করে কিছু পাইনি। উল্টো আত্মীয়স্বজনকে ভিজিডি-সুবিধা দেওয়ার কথা বলে দুই হাজার টাকা করে নেতারা ঘুষ নিয়েছেন, কিন্তু কার্ড দেওয়া হয়নি। এখন আত্মীয়স্বজনের কাছেও মুখ দেখাতে পারছি না।’কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জালাল হোসেন বলেন, ‘আমরা দল করেও দলীয় নেতাদের ঘুষ দিয়ে ভিজিডি-সুবিধা নিয়েছি।’কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা বলেন, ‘ভিজিডির বিষয়টি সরকারদলীয় নেতারা দেখভাল করেছেন। টাকা নিলে তাঁরা নিতে পারেন, আমি নিইনি।’কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন বলেন, তিনি কোনো টাকা নেননি। যা কিছু হয়েছে সমন্বয় কমিটির মাধ্যমে। সেটা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন ভালো বলতে পারবেন।মো. আলাউদ্দিন বলেন, ‘প্রথমে বৈঠক করে নেতারা টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার কাছে কিছু টাকা জমাও ছিল। এরপর আমি কিছুই জানি না।’ তিনি আরও বলেন, ‘শনিবার (৩০ মার্চ) রাতে টাকাগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘ভিজিডি-সুবিধা দেওয়ার নামে টাকা আদায়ের বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। ব্যক্তিগতভাবে কেউ টাকা নিলে আমার কিছু করার নেই। তবু আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’