দলীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতেই দলীয় নেতা-কর্মীদের নামে গাড়ি পোড়ানোর সাজানো মামলা দেওয়া হয়েছে। এ জন্য দলীয় এক নেতাকে দায়ী করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।
বক্তারা বলেন, নগর বিএনপির একটি গুরুত্বপূর্ণ পদে থেকে আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করে সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। গাড়ি পোড়ানোর সাজানো নাটক করে ওই নেতা পদবঞ্চিত ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন চেষ্টা করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের গাড়ির চাকায় আগুন দেওয়া হয়। এ ঘটনায় শাহাদাতের গাড়িচালক ছাত্রদলের নেতা সিরাজ উদ্দিন, নূর হোসেন উজ্জ্বল, সাইফুল আলম; যুবদলের নেতা আমিন উল্লাহ, দেলোয়ার হোসেন, রবিউল হোসেনসহ নেতা-কর্মীদের নামে মামলা করেন। এর প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছে ছাত্রদল।