দলীয় প্রতিপক্ষের হাতে আ.লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দলীয় প্রতিপক্ষের হাতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ (৫০) খুন হয়েছেন। আহত হয়েছেন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ (৪৫) ও ছাত্রলীগের নেতা গিয়াস উদ্দিন (৩০)।গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সরাইল থানা থেকে ১০০ গজ দূরে ও উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মোড়ে এই ঘটনা ঘটে।ঘটনাটি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোকাররম আলী (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। মোকাররম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলীর শ্যালক। নিহত ইকবাল ঢাকাস্থ সরাইল থানা সমিতির সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারির কাজ করতেন। ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে তাঁর বাবা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, সরাইল উপজেলা আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত। একটি পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আবদুল হালিম। অন্য পক্ষে ইকবাল আজাদ। ১২ অক্টোবর হালিমকে লাঞ্ছিত করেন ইকবালের সমর্থকেরা। এর জের ধরে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে হালিমের সমর্থক ও আওয়ামী লীগের নেতা মাহফুজ আলীর সঙ্গে ইকবালের সমর্থক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন ও অরুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামের বাগিবতণ্ডা হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মহড়া দেন। এর জের ধরে গতকাল দিনভর উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছিল । প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যার পর ব্যক্তিগত গাড়ি নিয়ে উপজেলা সদরে যান ইকবাল। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে আসামাত্র ১৫-২০ জন সন্ত্রাসী তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। দা ও বল্লম দিয়ে তাঁকে, ছোট ভাই জাহাঙ্গীর ও ছাত্রলীগের নেতা গিয়াসকে জখম করে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আওয়ামী লীগের নেতা ইকবালকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান সাংবাদিকদের বলেন, বুকের বাঁ পাশে বল্লমের গুরুতর আঘাতজনিত কারণে আওয়ামী লীগের নেতা ইকবালের মৃত্যু হয়েছে।ঘটনার পরপরই অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে মোকাররমের তৈরি পোশাক বিক্রির দোকান ভাঙচুর ও লুটপাট করেন ইকবালের সমর্থকেরা। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় আওয়ামী লীগের সভাপতি হালিমের বাড়িও ভাঙচুর করেন।জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার ও পুলিশ সুপার জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা সদরে বিপুলসংখ্যক র্যা ব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।হত্যাকাণ্ডের ব্যাপারে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কী করে যে এমনটি হয়ে গেল বুঝতে পারছি না।’