জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘোষণার পর থেকেই রাজশাহীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত দু-তিন দিনে এর ব্যাপকতা বাড়লেও মাস খানেক আগে থেকেই চলছে এ ধরনের নাশকতা।
এ অবস্থায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, ক্ষমতাসীন দল হওয়ায় তাঁরা লাঠি হাতে জামায়াত-শিবিরকে মোকাবিলা করতে পারছেন না। তাই এ ধরনের হামলা প্রতিরোধে তাঁদের পুলিশের ওপরই ভরসা করতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, গত বুধবার রাত নয়টার দিকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর সাগরপাড়ার বাসায় পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বৃহস্পতিবার রাতে আবারও জামায়াত-শিবিরের কর্মীরা ওই বাড়িতে হামলা চালান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার রাতেও বাড়িতে হামলা করতে এলে সাগরপাড়া বটতলা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বাড়িটি একাধিকবার জামায়াত-শিবিরের হামলার লক্ষ্যবস্তু হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে হামলা প্রতিরোধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
জামায়াত-শিবিরের কর্মীরা শুক্রবার রাত আটটার দিকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুব জামান ওরফে ভুলুর সবজিপাড়ার বাসায় আগুন দেন। বাড়ির জানালা দিয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে তিনটি ঘরে আগুন লাগে। এতে বিভিন্ন আসবাব পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ৯ নভেম্বর রাতেও ওই বাসায় ককটেল হামলা চালানো হয়।
বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের কাজলা এলাকায় ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের বাড়িতে আগুন লাগিয়ে দেন। এতে বাড়িতে রাখা মোটরসাইকেলসহ অন্যান্য আসবাব পুড়ে যায়। একই দিন রাত দেড়টার দিকে তাঁরা নগরের বুধপাড়া এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাব্বেল হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আগুন দেন। তাঁরা একই সময় ওই মহল্লায় আওয়ামী লীগের কর্মী আবদুল ওয়াদুদের বাড়িতে ভাঙচুর চালান।
১০ নভেম্বর রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবালের বাসায় বোমা হামলা চালায় জামায়াত-শিবির।
এদিকে রাজশাহী মহানগরের বাইরেও এ ধরনের হামলা চালানো হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে জামায়াত-শিবিরের কর্মীরা বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের আওয়ামী লীগের সমর্থক দুটি হিন্দু বাড়িতে আগুন দেন।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, বাড়িতে হামলা হলেও আওয়ামী লীগ দলীয়ভাবে তা মোকাবিলার সিদ্ধান্ত নিচ্ছে না। এ অবস্থায় তাঁদের শুধু পুলিশের ওপরই ভরসা করতে হচ্ছে। তবে ১০ নভেম্বর মীর ইকবালের বাড়িতে হামলার পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, সরকারি দল হয়ে তাঁরা লাঠি হাতে তা প্রতিহত করতে পারছেন না। কিন্তু পরিবেশ-পরিস্থিতি সে রকম হলে যাতে তাঁরা মোকাবিলা করতে পারেন সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।