দলীয় প্রতীক পাচ্ছেন না আ.লীগের নতুন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তিনি দলীয় প্রতীক নৌকা পাচ্ছেন না।
রফিকুলের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একটি মনোনয়নপত্র ও দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেওয়ার জন্য একটি চিঠি ফারুক আহম্মেদ গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে মতামত চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন চিঠি দিয়ে ফারুক আহম্মেদকে দলীয় প্রতীক না দেওয়ার কথা জানিয়ে দেয়।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রার্থিতা বহাল রাখার জন্য তিনি কাল রোববার উচ্চ আদালতে আপিল করবেন। আশা করছেন, তিনি প্রার্থিতা ফিরে পাবেন।
আওয়ামী লীগ ও নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগ থেকে রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। তিনি ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ৬ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। প্রার্থিতা ফিরে পেতে রফিকুল ইসলাম গত সোমবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন। বৃহস্পতিবার আপিল শুনানি হয়। জেলা প্রশাসক আপিল আবেদন নামঞ্জুর করেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার ফারুক আহম্মেদ দলীয় সভানেত্রী শেখ হাসিনার সই করা মনোনয়নপত্র ও দলীয় প্রতীক নৌকা বরাদ্দের একটি চিঠি রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে জমা দেন।
ফারুক আহম্মেদ বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় দলের সভানেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। সভানেত্রীর চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি। তৃণমূলের নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দলীয় প্রতীক না পেলে অন্য প্রতীকে নির্বাচন করব। স্থানীয় আওয়ামী লীগের সমর্থন আমার প্রতি থাকবে।’
শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার সেলিম আকন বলেন, ‘দুজন প্রার্থীকে আলাদাভাবে মনোনয়ন দেওয়ায় আমরা ধোঁয়াশার মধ্যে আছি। দলীয়ভাবে নির্বাচন করার জন্য প্রার্থিতা ফিরে পেতে রফিকুল ইসলাম আপিল করেছেন। এটা সমাধানের আগে আরেকজন দলীয় সভানেত্রীর চিঠি জমা দিয়েছেন। আমাদের কী করা উচিত বুঝতে পারছি না।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে আমাদের সবাইকে ফারুক আহম্মেদের পক্ষে কাজ করতে হবে। দলীয় সভানেত্রী তাঁকে মনোনয়ন দিয়েছেন, এখন তিনিই আওয়ামী লীগের প্রার্থী। এটা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রতীক না পেলে অন্য প্রতীকে সবাই তাঁর পক্ষে থাকব।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রার্থিতা পরিবর্তনের কোনো নিয়ম নেই। বিষয়টি আমার এখতিয়ারের বাইরে হওয়ায় মতামত চেয়ে ফারুক আহম্মেদের মনোনয়নের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। কমিশন থেকে ফারুক আহম্মেদকে দলীয় প্রতীক না দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্য প্রতীকে নির্বাচন করতে হবে।’