দলীয় প্রতীকই পছন্দ সম্ভাব্য প্রার্থীদের

বগুড়ার শেরপুর পৌরসভায় দলীয় প্রতীকে প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী স্থানীয় রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা। পাড়া-মহল্লায় শুরু হয়েছে তাঁদের নিয়মিত যোগাযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার পর্যন্ত মেয়র পদে প্রার্থিতা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। উভয় দলের নেতারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনার ওপর। আগামী ৩০ ডিসেম্বর শেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন শেরপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম পান্না ও সাংগঠনিক সম্পাদক বর্তমানে শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু। অপরদিকে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আইন-বিষয়ক সম্পাদক তোজ্জাম্মেল হক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম।
এ ছাড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুজ্জামান বারী ও শেরপুরের সাংস্কৃতিক কর্মী আবুল হোসেন মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে পাড়া-মহল্লায় যোগাযোগ রেখে চলছেন।
এসব সম্ভাব্য প্রার্থী চলতি বছরে ঈদুল ফিতর, শারদীয় দুর্গা উৎসব ও ঈদুল আজহাকে ঘিরে শহরজুড়ে বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যানার-ফেস্টুনে শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গত মঙ্গলবার পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার পর এসব সম্ভাব্য প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে মঙ্গলবার রাত থেকে সেসব দৃষ্টিনন্দন ডিজিটাল ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছেন।
গত বুধবার শেরপুর পৌর শহরের নয়টি ওয়ার্ডে সরেজমিনে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় ১০ জন নেতা-কর্মীর সঙ্গে বলে জানা গেছে, দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচনের ঘোষণায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ওয়ার্ড-ভিত্তিক নেতা-কর্মীদের মূল্যায়ন করছেন। প্রতিদিন তাঁদের খোঁজখবর নিচ্ছেন। অনেকেই দোয়া ও আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। একদিন চোখে না পড়লে মুঠোফোনে খোঁজও নিচ্ছেন।
পৌরবাসী আট-নয়জন জানান, বর্তমানে কাউন্সিলর পদে যেসব ব্যক্তি রয়েছেন, তাঁদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে চার-পাঁচজন করে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন। তাঁদেরও রয়েছে স্থানীয় রাজনীতিতে পদভিত্তিক দলীয় পরিচিতি। পাড়া-মহল্লায় নিয়মিত যোগাযোগে তাঁরাও পিছিয়ে নেই।
সম্প্রতি সম্ভাব্য মেয়র পদপ্রার্থী চার-পাঁচজনের সঙ্গে কথা হলে তাঁরা দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা ব্যক্ত করে জানান, দলীয় নেতা-কর্মীরা তাঁদের সমর্থন দেবেন। পাশাপাশি দলীয় সমর্থন ছাড়া তাঁদের কেউ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে মত প্রকাশ করেন।
সরেজমিনে দেখা গেছে, মহল্লাভিত্তিক বিভিন্ন চায়ের দোকানে এই নির্বাচনের দলীয় প্রার্থী হওয়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকে সমর্থন করেন এমন ১৫ জন নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র পদে দল যদি দলীয় প্রতীকের প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত নেয় সে ক্ষেত্রে দলেরই পরাজয় ঘটবে। তৃণমূল পর্যায়ে এ ধরনের নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও আচরণ দেখেই ভোটাররা ভোট প্রয়োগ করে থাকেন।
নির্বাচনে দলীয় প্রার্থী প্রসঙ্গ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব পিয়ার হোসেন বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত এখনো তাঁদের কাছে পৌঁছায়নি। তবে তাঁর দলের ওই দুজন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন বলে তিনি স্বীকার করেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, কোন প্রক্রিয়ায় মেয়র পদে দলীয় প্রার্থী বাছাই করা হবে সে ব্যাপারে কেন্দ্র থেকে তাঁদের এখনো কিছু জানানো হয়নি।