দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় দ্বন্দ্ব বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক থাকায় দ্বন্দ্ব ও সংঘাত বেড়ে গেছে। ভোট দেওয়ার ক্ষেত্রে শুধু প্রতীক নয় প্রার্থীদের যোগ্যতা বিচার করতে হবে। দলীয় প্রতীক হওয়ায় তৃণমূলে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। সমস্যা দলীয় প্রতীক নিয়ে নয়। প্রশাসনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন ভোটার প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়ে গতকাল সোমবার এসব মতামত দিয়েছেন। ৩১ মার্চ এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে জায়ফরনগর, পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী, সাগরনাল ও বোয়ালবাড়ি।
উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকার একটি মুদি দোকানে কেনাকাটা করতে আসা জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা আফিয়া বেগম দলীয় প্রতীকের নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘খালি মার্কা (প্রতীক) দেখলে তো অইতো নায়, প্রার্থীর যোগ্যতাও বিচার করা লাগব। বুঝি-শুনিই ভোট দিমু।’ তাঁর কথা সমর্থন করেন দোকানদার ইলিয়াসুর রহমান।
দলীয় প্রতীকের নির্বাচন প্রসঙ্গে পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের বাসিন্দা রজব আলী বলেন, ‘আগে ইউনিয়ন নির্বাচনে দলাদলি কম হইছে। মানুষ বেশ ফুর্তি করত। এইবার দলীয় প্রতীক থাকায় দলাদলি বাড়িছে। মানুষের মইধ্যে দ্বন্দ্ব বাড়ছে। এইটার ভবিষ্যৎ ভালো না মন্দ বোঝা যাচ্ছে না।’
তবে পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রাজু লাল দে বলেন ভিন্ন কথা। তাঁর মতে, দলীয় প্রতীকে নির্বাচন হওয়াতে ভালো হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ হয়েছে। এ ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনী প্রচারণাকালে দেখা হলে জায়ফরনগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মী জোসেফ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে সরকার, এমপি যে দলের চেয়ারম্যান সেই দলের না হলে এলাকায় উন্নয়ন বরাদ্দ হবে না। এতে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে।