দলীয় প্রভাবে শিক্ষক নিয়োগের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রকলা চা-বাগান কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম করে শিক্ষক নিয়োগের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ও চা-শ্রমিকদের শিক্ষিত বেকার সন্তানদের সুযোগ দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংসদের চিফ হুইপ ও মৌলভীবাজর-৪ আসনের সাংসদ এম এ শহীদ গতকাল দুপুর একটার দিকে পাত্রকলা চা-বাগানে শীতবস্ত্র বিতরণ করতে যান। এ সময় ওই চা-বাগানের শ্রমিকদের অন্তত ৪০-৫০ সন্তান বন্ধন কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা ওই বিদ্যালয়ের একটি কক্ষে তালা মেরে দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার আমলে পাত্রকলা চা-বাগানে একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। চা-বাগানের শ্রমিকদের সন্তান নাছিমা বেগম, মামুন আহমদ, লিজু বেগম ও মীরা নামের চারজন বিনা বেতনে ওই বিদ্যালয়ে পাঠদান করেন। বিগত চারদলীয় জোট সরকার আমলে বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।বর্তমান মহাজোট সরকার আবার ওই বিদ্যালয়টি চালুর উদ্যোগ নিয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতা ঘরনা অল্মিক ও ইউপি সদস্য উপজেলা আওয়ামী লীগের সদস্য কুশাল ঘোষ কোনো প্রকার বিজ্ঞপ্তি না দিয়ে তাঁদের মেয়ে গীতা অল্মিক ও তমা ঘোষকে ওই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের চেষ্টা করছেন।সেই সঙ্গে চা-বাগানের বাহির মণিপুরি অঞ্চল থেকে আরও দুজনকে শিক্ষক হিসেবে নিয়োগের চেষ্টা চলছে।ওই প্রাথমিক বিদ্যালয়ের সুযোগবঞ্চিত চার শিক্ষক প্রথম আলোকে বলেন, তাঁরা দীর্ঘদিন বিনা বেতনে শিশুদের পড়িয়েছেন। এখন যখন কিছু বেতন-ভাতা পাওয়ার সুযোগ এসেছে, তখন দলীয় নেতারা তাঁদের সন্তানদের অনিয়ম করে শিক্ষক নিয়োগ দিচ্ছেন।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন চিফ হুইপ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী গতকাল বিকেলে বলেন, এখন শিক্ষক নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।