দলীয় প্রার্থী ছাড়াও ৫ জনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত পাঁচজন প্রার্থী গত বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নাজিম উদ্দিন আহমেদ। তিনিও বুধবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েও মনোনয়নপত্র জমা দেওয়ায় ওই পাঁচজনকে নিয়ে এলাকায় বেশ আলোচনা হচ্ছে। তবে আওয়ামী লীগের কোনো কোনো নেতা তাঁদের সমালোচনা করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নাজিম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া এখানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, শরীফ হাসান, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নবঞ্চিত হওয়ার পরও ওই নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাঁদের সমালোচনা করছেন। তৃণমূলের ভাষ্য, দলের মনোনয়ন অনেকেই দাবি করতে পারেন, কিন্তু একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর সবার উচিত তাঁকে সমর্থন করা। নাজিম উদ্দিন আহমেদ আওয়ামী লীগের প্রার্থী। তাঁর প্রতি তৃণমূলের সমর্থন আছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূ ভুষণ দাস বলেন, ‘দল নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে। তিনিই আওয়ামী লীগের প্রার্থী। বাকিরা মনোনয়নপত্র জমা দিলেও আশা করি যথাসময়ে প্রত্যাহার করে নেবেন। মনোনয়ন পরিবর্তনের কোনো সুযোগ আর নেই।’
মনোনয়নপত্র জমা দেওয়া ওই প্রার্থীরা জানান, তাঁরা এখনো আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের ব্যাপারে আশাবাদী। তাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদি তাঁরা মনোনয়ন না পান, তাহলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
এ ব্যাপারে মোর্শেদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা কয়েকজন প্রার্থী মিলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের সুযোগ আছে। আর যদি না হয়, তাহলে আমিসহ অন্য চারজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।’
সামিউল আলম বলেন, ‘শেষ পর্যন্ত যদি দলীয় মনোনয়নের পরিবর্তন হয়, তাহলে আমরা যে কেউ আওয়ামী লীগের প্রার্থী হতে পারি, এমন আশা থেকেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’