পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়ার এখতিয়ার থাকছে শেখ হাসিনার হাতে। বিএনপির পক্ষে দলীয় মেয়র পদপ্রার্থী মনোনয়নের ক্ষমতা দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং জাতীয় পার্টির ক্ষমতা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কথা জানিয়ে দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।
পৌরসভা নির্বাচন পরিচালনা বিধিতে বলা হয়েছে, রাজনৈতিক দল থেকে একজনের বেশি প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে না। দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারীর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলের প্রার্থী মনোনয়ন দেবেন। এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা সই তফসিল ঘোষণার পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সই করা চিঠি হস্তান্তর করেন কেন্দ্রীয় উপকমিটির সহকারী সম্পাদক এ বি এম রিয়াজুল কবির কাওসার। চিঠিতে শেখ হাসিনার নাম, পদবি ও নমুনা সই উল্লেখ করা হয়েছে। বিএনপির চিঠি হস্তান্তর করেন দলের সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সই করা চিঠিতে দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
পরে সৈয়দ এমরান সালেহ সাংবাদিকদের বলেন, তাঁদের দলের স্থানীয় পর্যায়ের নেতারা সত্যায়নের এই চিঠি বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাচ্ছেন না। অনেক জায়গার নির্বাচন কমিশনের কার্যালয় বন্ধ পাওয়া গেছে। বিষয়টি তাঁরা কমিশন সচিবালয়কে জানিয়েছেন।
এ ছাড়া গতকাল আরও কয়েকটি দল থেকে প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।