দলীয় প্রার্থী সেলিমকে ঘিরে এককাট্টা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আলতাফ জর্জের (মাঝে) হাতে নৌকা তুলে দিচ্ছেন সাংসদ আবদুর রউফ (বাঁয়ে)। এ সময় পাশে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন। গতকাল কুমারখালীর আবুল হোসেন তরুণ মিলনায়তনে।  ছবি: প্রথম আলো
কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আলতাফ জর্জের (মাঝে) হাতে নৌকা তুলে দিচ্ছেন সাংসদ আবদুর রউফ (বাঁয়ে)। এ সময় পাশে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন। গতকাল কুমারখালীর আবুল হোসেন তরুণ মিলনায়তনে। ছবি: প্রথম আলো

শেষপর্যন্ত দলীয় প্রার্থীকে জেতাতে এককাট্টা হলেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতারা। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের তরুণ ও নতুন মুখ সেলিম আলতাফ জর্জের পক্ষে এ আয়োজন করেন বর্তমান সাংসদ আবদুর রউফ ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর। দুজনই এবারের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
গত রোববার বিকেলে কুমারখালী উপজেলার পান্টি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মনোনয়নবঞ্চিত জাহিদ হোসেন। বক্তব্য দেন দলীয় প্রার্থী সেলিম আলতাফ। জাহিদ হোসেনের ডাকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী জনসভায় যোগ দেন। তিনি বলেন, মনোনয়ন কে পেলেন, কে প্রার্থী, সেটা দেখার বিষয় না, দরকার শেখ হাসিনার সরকার। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
গতকাল সোমবার দুপুরে কুমারখালী সদরে আবুল হোসেন তরুণ মিলনায়তনে সাংসদ আবদুর রউফ মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। আবদুর রউফ বলেন, ‘নৌকা আওয়ামী লীগের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। প্রার্থী নয়, প্রতীক জেতাতে আমরা সবাই এক হয়েছি।’ তিনি আরও বলেন, ‘শেষ ইচ্ছা ছিল এবারও সংসদ নির্বাচন করব, সেটা হলো না। হয়তো ভবিষ্যতে আর করা হবে না। অনেককে কথা দিয়ে হয়তো কথা রাখতে পারিনি, এ জন্য আমাকে ক্ষমা করবেন।’ সাংসদ রউফ বলেন, সেলিম এতিমের মতো দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সব ভেদাভেদ ভুলে এখনই নির্বাচনের ঢেউ তুলতে হবে।
সভায় কয়েকজন বক্তা বলেন, দলের মধ্যে যেটুকু সমস্যা আছে, সেগুলো মিটিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচনী গণজোয়ার সৃষ্টি করতে হবে। নাহলে সমস্যা হবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে।
সেলিম আলতাফ বলেন, ‘দলের মধ্যে সব বিভেদ ভুলে আপনারা এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছেন। এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এটা আমার জন্য পরম পাওয়া। আমি সবার ছোট, আমাকে পরামর্শ দেবেন, সেইমতো কাজ করব।’
প্রসঙ্গত, রউফ ও জাহিদ মনোনয়ন পেতে সবচেয়ে তৎপর ছিলেন। তৃণমূল থেকেও তাঁরা ব্যাপক সাড়া পেয়েছিলেন। কিন্তু জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মনোনয়ন পান নতুন মুখ সেলিম আলতাফ।