দলীয় প্রার্থীকে হারাতেই এককাট্টা আ.লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীকে বাদ দিয়ে কেন্দ্র থেকে বর্তমান মেয়র জাকারিয়া আহমদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। এতে স্থানীয় নেতা-কর্মীদের অনেকে ক্ষুব্ধ হন। তাঁরা দলীয় প্রার্থীকে হারাতে এককাট্টা হচ্ছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বর্তমান মেয়র জাকারিয়া আহমদ দলের এক অংশের নেতা হিসেবে পরিচিত। দুই ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম অন্য অংশের নেতা।
জাকারিয়ার কয়েকজন সমর্থকের দাবি, ২০০২ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত পৌর নির্বাচনে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া বিপুল ভোটে জয়ী হন। এরপর থেকেই মূলত উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভক্তি দেখা দেয়। ২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনেও দলটির একাধিক প্রার্থী মেয়র পদে নির্বাচনে অংশ নেন। তখনো জাকারিয়া জয়লাভ করেন। এবারও তিনি জয়ী হবেন।
পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, গত ২৯ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় গোলাপগঞ্জে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। তবে ‘জনমত জরিপ ও জনপ্রিয়তার ভিত্তিতে’ কেন্দ্র বর্তমান মেয়র জাকারিয়াকে মনোনীত করে। এ ঘটনায় সৈয়দ মিসবাহ উদ্দিন প্রার্থী হননি। তাঁরা আরও বলেন, জাকারিয়া প্রার্থী হওয়ার জন্য তৃণমূলে আবেদনই করেননি। অথচ কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। আর এ জন্যই তাঁরা এককাট্টা হচ্ছেন। তবে তা ‘বিদ্রোহী’ প্রার্থীদের বিজয়ী করতে নয়, বরং জাকারিয়াকে পরাজিত করতে।
এ ব্যাপারে বর্তমান মেয়র জাকারিয়া আহমদ বলেন, ‘জেলা পর্যায়ে রাজনৈতিক কূটচালে হেরে গেলেও কেন্দ্র ঠিকই আমাকে মূল্যায়ন করেছে। আমাকে প্রার্থী করায় তৃণমূলের কর্মীরাও খুশি। বিজয় আমার সুনিশ্চিত।’
‘বিদ্রোহী’ প্রার্থী সিরাজুল জব্বার বলেন, ‘জেলা থেকে নির্বাচন না করার ব্যাপারে এখনো কোনো নির্দেশ আমি পাইনি। কোনো রাজনৈতিক মতভেদ নয়, কর্মী-সমর্থকেরা চাইছেন বলেই নির্বাচনে অংশ নিচ্ছি।’ অপর ‘বিদ্রোহী’ প্রার্থী আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান বলেন, বিদ্রোহীদের সরে দাঁড়াতে অনুরোধ জানানো হবে। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হবে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।