দলীয় প্রার্থীদের পরাজয়ের পর বিএনপিতে বিভক্তি
দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত তিন প্রার্থীর পরাজয়ের পর জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত তিনজন প্রার্থীই হেরে গেছেন। অথচ দিনাজপুর সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান, পৌর মেয়র এবং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা সবাই বিএনপি-সমর্থক। এই নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী দলের চাপের মুখে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেও কার্যত তিনি নিজ সমর্থকদের নিয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এই নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন জেলা কমিটির সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দিনাজপুর জেলা বিএনপি দূষণে ভরে গেছে। দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো আদর্শ কাজ করছে না। টাকা আর ক্ষমতা দখল তাঁদের আদর্শে পরিণত হয়েছে। এই মুহূর্তে দলকে দূষণমুক্ত করা দরকার। তিনি বলেন, অন্তঃকলহ দূর করতে এখনই দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে হবে। দলের ভরাডুবির কারণগুলো চিহ্নিত করতে হবে। তদন্ত করে কারও বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পর ১৫ মার্চ রাতেই জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ক্ষুব্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাঁরা দলীয় প্রার্থীর পরাজয়ের জন্য সাবেক মহিলা সাংসদ রেজিনা ইসলাম, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামানকে দায়ী করে তাঁদের দল থেকে বহিষ্কারের দাবি জানান। ২৪ মার্চ রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে জেলা নেতারা এসব অভিযোগ জানান। চেয়ারপারসন ঘটনা তদন্ত করে দলীয় শৃঙ্খলা অমান্যকারী ও বিরোধিতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন। এরপর ক্ষুব্ধ নেতা-কর্মীরা দিনাজপুরে ফিরে ২৫ মার্চ রাতে বিএনপির কার্যালয়ের তালা খুলে দেন এবং মুকুর চৌধুরীসহ বিদ্রোহীদের অবাঞ্ছিত ঘোষণা করেন।
অন্যদিকে মুকুর চৌধুরীর সমর্থকেরা পাল্টা অভিযোগ করে জেলার সাংবাদিক, দলের কর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে মুঠোফোনে বার্তা পাঠিয়েছেন। ১৬ মার্চ মুকুর চৌধুরীর নামে পাঠানো বার্তায় বলা হয়, ‘উপজেলা নির্বাচনে বিএনপির ভরাডুবির জন্য স্মাগলার মোকাররম হোসেন ও ১/১১-এর সুবিধাভোগী সংস্কারবাদী ব্যর্থ সভাপতি লুৎফর রহমানকে বিএনপি থেকে অবিলম্বে বহিষ্কার করা হোক।’ একই মুঠোফোন নম্বর থেকে ১৭ মার্চ দিনাজপুর বিএনপির ব্যর্থতার দায়ে বিএনপির সভাপতি লুৎফর রহমান, মোকাররম হোসেন ও সংস্কারবাদীদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়। সর্বশেষ ২৮ মার্চ ওই মুঠোফোন নম্বর থেকে প্রথম আলোর কাছে তিনটি বার্তা আসে। সেগুলোতে স্মাগলার, স্মাগলারের পৃষ্ঠপোষক মেরুদণ্ডহীন সভাপতি ও সংস্কারবাদীদের জেলা বিএনপি থেকে বহিষ্কার ও তারেক রহমানের অনুসারীদের এক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে মুকুর চৌধুরী বলেন, দলে তাঁর ভাবমূর্তি ধ্বংস করতে একটি কুচক্রী মহল তাঁর নাম ব্যবহার করে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। উপজেলা নির্বাচনে তিনি দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে দাবি করেন।
সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামানও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দল মনোনীত প্রার্থীদের পক্ষে কর্মী-বাহিনী নিয়ে মহল্লায় মহল্লায় কাজ করেছেন।
মোকাররম হোসেন গত বুধবার প্রথম আলোকে বলেন, কী কারণে ও কাদের জন্য দলের এই ভরাডুবি হয়েছে, তা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দলের চেয়ারপারসনের কাছে অনুরোধ জানিয়েছেন।