দলীয় প্রার্থীর নাম কেন্দ্রে না পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। দহগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম মনোনয়নের জন্য কেন্দ্রে না পাঠানোর প্রতিবাদে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কেন্দ্রের চিঠির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সব সদস্যের উপস্থিতিতে দলীয় প্রার্থী হিসেবে দহগ্রাম ইউনিয়নের সভাপতি কামাল হোসেনের নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব করা হয়। ইউনিয়ন কমিটি দলীয় প্রার্থী হিসেবে কামালের নাম সুপারিশ করে উপজেলা কমিটিতে জমা দেয়। কিন্তু উপজেলা কমিটি ইউনিয়ন কমিটির প্রস্তাব করা নাম কেন্দ্রে না পাঠিয়ে অন্য আরেকজনের নাম পাঠায়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল নেতা-কর্মীসহ স্থানীয় কয়েক শ নারী-পুরুষ এর প্রতিবাদে দহগ্রাম-পাটগ্রাম সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে কামাল বলেন, ‘ইউনিয়ন ও তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করে। কিন্তু জানতে পারি, জেলা আওয়ামী লীগের একটি চক্র আমার নাম বাদ দিয়ে আরেকজনের নাম কেন্দ্রে পাঠিয়েছে। এ কারণে সর্বস্তরের নেতা-কর্মী ও স্থানীয় অধিবাসীরা এসব কর্মসূচি পালন করে। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়নের সভাপতি রুনা আক্তার, আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগের ইউনিয়ন শাখার সভাপতি আরিফ মো. মাজেদুল হক, যুবলীগের ইউনিয়ন শাখার সম্পাদক সেলিম পাটোয়ারী প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগ বড় দল, একাধিক যোগ্যতর প্রার্থী আছে। তার মধ্যে থেকে একজনের নাম বাছাই করা কঠিন। এরপরও আমরা সৎ, যোগ্য ত্যাগী নেতার নাম কেন্দ্রে পাঠানোর চেষ্টা করেছি। তবে বিবেচনার ও মনোনয়নের কাজটা প্রধানমন্ত্রীর। উনি বিবেচনা করে যাকেই মনোনয়ন দেবেন, তার পক্ষে নেতা-কর্মীরা নৌকা মার্কা নিয়ে কাজ করবেন।’