নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে দলীয় প্রার্থী বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানকে বিজয়ী করতে এককাট্টা বিএনপি। সব বাধাবিপত্তি উপেক্ষা করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপি। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাংসদ গোলাম দস্তগীর গাজী।
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় কাজী মনিরুজ্জামানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা হয়। এতে দলীয় প্রার্থীর প্রতি একাত্মতা প্রকাশ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ অন্য নেতা-কর্মীরা। মোস্তাফিজুর রহমানও দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিএনপির শীর্ষ নেতৃত্ব এই আসনে কাজী মনিরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেন। ইতিমধ্যে মনিরুজ্জামানের সঙ্গে তৈমুর আলম খন্দকার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
গতকাল বিকেলে মোস্তাফিজুর রহমানসহ নেতারা মনিরুজ্জামানের পক্ষে প্রচারণায় নামেন। প্রচারণাকালে মোস্তাফিজুর রহমান বলেন, ‘দলীয় প্রার্থীকে বিজয়ী করে কারাবন্দী দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব। আমরা ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনব। বিজয়ের মাসে কাজী মনিরুজ্জামানকে বিজয়ী করে আমরা আরেকটা বিজয় ছিনিয়ে আনব।’ নিজের অনুসারী নেতা-কর্মীদের মনিরুজ্জামানের পক্ষে কাজ করার নির্দেশ দেন মোস্তাফিজুর রহমান।
কাজী মনিরুজ্জামান বলেন, ‘এই মুহূর্তে দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির স্বার্থে এই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এই ভোটে বিএনপি বিজয়ী হলে জিতবে গণতন্ত্র, মুক্তি পাবেন আমাদের নেত্রী খালেদা জিয়া, দেশে ফিরতে পারবেন আগামী দিনের নেতা তারেক রহমান। সুতরাং এই নির্বাচনকে বৃহত্তর আন্দোলনের একটি অংশ হিসেবে নিচ্ছে বিএনপি। তাই সব নেতা-কর্মীকে বিভেদ-বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
এদিকে, সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগদলীয় প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক উপজেলার মুড়াপাড়া, তারাবর গোলাকান্দাইল এলাকায় গণসংযোগ, পথসভা করেছেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।