চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় প্রার্থীর পক্ষে বিএনপির নেতা-কর্মীরা কাজ করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দুই ভাগে বিভক্ত উপজেলা বিএনপির এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ এম এ মতিন। কেন্দ্র ও জেলা থেকে দুই পক্ষের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ভাগ করে দেওয়ায় ১১টি ইউপির মধ্যে মমিন পক্ষের সাতজন ও মতিন পক্ষের চারজন প্রার্থী হন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে দুই পক্ষের পৃথক নেতৃত্ব রয়েছে। তবে ১১টি ইউনিয়নেই মমিন পক্ষের নেতা-কর্মীরা সংগঠিত আছেন। এ কারণে রাজারগাঁও, কালচোঁ দক্ষিণ, কালচোঁ উত্তর ও হাটিলা পূর্ব ইউনিয়নে মতিন-সমর্থিত প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলেও নেতা-কর্মীরা সক্রিয় না থাকায় কোণঠাসা হয়ে আছেন।
রাজারগাঁওয়ে বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এখানে দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিক পাটওয়ারীর পক্ষে কাজ করছেন বলে গুঞ্জন রয়েছে। তবে নজরুল ইসলাম দাবি করেন, বিভক্তি কেটে গেছে।
কালচোঁ দক্ষিণে দলের প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ভূইয়া। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির (মমিনুল পক্ষ) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এখানে নেতা-কর্মীরা গোলাম মোস্তফার পেছনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। আমিনুল ইসলাম বলেন, ‘গোলাম মোস্তফার নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে আমার প্রচারণায় বাধা দিচ্ছেন।’ গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গতবার সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। এবার সুষ্ঠু ভোট হলে আমার জয় সুনিশ্চিত।’
কালচোঁ উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন। এখানে দলের বেশির ভাগ নেতা-কর্মী জামালের পক্ষে কাজ করছেন না। এ ছাড়া নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রার্থীকে পরোক্ষভাবে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
হাটিলা পূর্বে বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন পাটওয়ারী। এখানে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জলিলুর রহমান মির্জা ওরফে দুলালের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।