দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন শিল্পমন্ত্রী
সরকারি সফরে গতকাল শুক্রবার ঝালকাঠি এসে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঝালকাঠির চার উপজেলায় ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরকারি সফরে এসে ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন রাজাপুর উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ার-ম্যান পদপ্রার্থী নাসিম উদ্দিন আকন।
গতকাল বেলা একটায় কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন শিল্পমন্ত্রী। এতে আমির হোসেন আমু ২০ মিনিট বক্তব্য দেন। বক্তব্যের শেষ দিকে তিনি কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক সিকদার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল হক ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফাতিমা খানমকে পরিচয় করিয়ে দেন। উপস্থিত কয়েক হাজার নারী-পুরুষের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পাঁচ বছর টিকিয়ে রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের সমর্থন প্রয়োজন। আশা রাখি, আপনারা সে সমর্থন দেবেন।’
বিকেল চারটায় রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আরেক জনসভায় শিল্পমন্ত্রী রাজাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার ও আফরোজা আক্তারকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানান।
মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচনী সভা না হলেও মন্ত্রী তাঁদের জন্য জনগণের সমর্থন চেয়েছেন।