দলীয় প্রার্থীর পক্ষে সাংসদ, বিদ্রোহীর সঙ্গে চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রশ্নে স্থানীয় সাংসদ আবদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন পরস্পরবিরোধী অবস্থানে এসে দাঁড়িয়েছেন।
সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে অভিযোগ তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
বোয়ালমারী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান মীরদাহ ওরফে পিকুল। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোজাফফর হোসেন মিয়া। তিনি বোয়ালমারী পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের ভাই।
গত শুক্রবার স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন মিয়া রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান নির্বাচনী এলাকায় দিনে ও রাতে বিভিন্ন ব্যক্তির বাড়িতে যাতায়াত করে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন কৌশলে সভা করছেন। এ ছাড়া সাংসদ স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থককে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিনি। করলে পৌরসভার ভেতরে সভা-সমাবেশ করতে পারতাম। কিন্তু আমি তা করিনি।’ তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে তিনি (এম এম মোশাররফ হোসেন) কী করে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন? এ আচরণের ব্যাপারে তাঁর বিরুদ্ধে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না?’
এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কথা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন, ‘উনি (সাংসদ) আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছেন।’ তিনি অভিযোগ করেন, পৌর কমিটি, ওয়ার্ড কমিটি মোজাফফর হোসেনকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে চেয়েছিল। কিন্তু সাংসদের গোয়ার্তুমির কারণে তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি কি না তা দলই বিবেচনা করবে।’
রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ খায়রুজ্জামান বলেন, অভিযোগটি তিনি একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।