কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় সাংসদ সোহরাব উদ্দিন নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। গতকাল রোববার বিকেলে তিনি ইউনিয়নটির বিভিন্ন স্থানে দলের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। ৩১ মার্চ এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংসদ দুপুরে লোহাজুরী ইউনিয়নে প্রবেশ করেন। ওই সময় তাঁর গাড়ির সামনে-পেছনে অন্তত ১৫টি মোটরসাইকেল ছিল। প্রতিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতাহার উদ্দিনের ও নৌকা প্রতীকের ছবি-সংবলিত স্টিকার লাগানো ছিল। সঙ্গে ছিল পুলিশের গাড়ি।
সরেজমিনে দেখা গেছে, বিকেল ৫টা ৩৫ মিনিটে চরকাউনিয়া বাজারে সাংসদ পথসভায় বক্তব্য দিচ্ছেন। এর আগে তিনি আপতু মুন্সির বাড়ি ও অরিয়াদর বাজারেও পথসভা করেন বলে দলীয় কর্মীরা জানিয়েছেন। চরকাউনিয়া বাজারে বক্তব্য দেওয়ার সময় সাংসদ হ্যান্ডমাইক ব্যবহার করেছেন। ওই সময় ১০ গজ দূরে দলীয় প্রার্থী আতাউর উদ্দিন উপস্থিত ছিলেন।
বক্তব্যে সাংসদ ক্ষমতাসীন দলের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি কারও কাছে ভোট চাইতে পারি না, প্রচারণা চালাতে পারি না। তবে কী করতে হবে আপনারা বুঝে নেবেন।’ ওই সময় ছবি তুলতে গেলে কয়েকজন কর্মী বাধা সৃষ্টি করেন।
সাংসদ বক্তব্য করার সময় কিছুটা দূরে অবস্থান করছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াব।
সাংসদ হিসেবে পথসভা করতে পারেন কি না, জানতে চাইলে আবদুল ওয়াব বলেন, আসলে সাংসদ এসেছেন সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করতে। তিনি মূলত ওই প্রকল্পের ভালো-মন্দ বোঝানোর জন্য বক্তব্য করছেন।
সাংসদ সোহরাব উদ্দিনও একই যুক্তি তুলে ধরে বলেন, রাজনীতি করি। কর্মীরা ধরলে কিছু বলতে হয়। বিভিন্ন স্থানে বক্তব্য দিলেও দলের প্রার্থীর পক্ষে ভোট চাননি বলে দাবি করেন সাংসদ।
নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে পথসভা করার অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত প্রার্থী সাইফুল মতিন বলেন, ‘আর মাত্র কয়েক দিন পর ভোট। ওই সময় সাংসদ এলাকায় এসে পথসভা করায় নির্বাচনী পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে।’
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হায়দার মারুয়া একই মন্তব্য করে বলেন, নিয়ম ভেঙে সাংসদ পথসভা করে প্রমাণ করলেন ভোটের পরিবেশ ভালো থাকবে না।