টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দল থেকে বহিষ্কার করার পরও তাঁরা পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চতুর্থ ধাপে আগামী ৭ মে দেলদুয়ারের আট ইউপিতে ভোট হবে। আট ইউপিতে চেয়ারম্যান পদে ৪৭ জন, সদস্য পদে ২১৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেলদুয়ার সদর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোয়াজ্জেম হোসেন খান। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবুল কাশেম খান। বিএনপি থেকে মো. রকিব উদ্দিন বাবুল ও জাতীয় পার্টি থেকে আবদুল আউয়াল তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবু সাইদ মিয়া, ফজলুল করিম, আবু তাহের বাবলু, আবদুর রাজ্জাক, ইকবাল হোসেন ও হুমায়ুন কবির খান।
ডুবাইল ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইলিয়াস মিয়া। মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আতোয়ার রহমান। বিএনপির মনোনয়ন পেয়েছেন খোরশেদ আলম বাদল। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ফজলুল করিম।
এলাসিন ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বেলায়েত হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মানিক রতন। বিএনপির মনোনয়ন পেয়েছেন আবদুল লতিফ মিয়া। এ ছাড়া জাতীয় পার্টির আছাদুল মিয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আটিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম মল্লিক ও বাবুলউজ্জামান মোল্লা। বিএনপির মনোনয়ন পেয়েছেন মহব্বত হোসেন রানা। বিএনপির বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ সাজ্জাত হোসেন, নাজমুল আলম খান ও আশরাফুল আলম।
দেউলী ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেওয়ান তাহমিনা হক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন খন্দকার জাহাঙ্গীর হোসেন ও আলতাব হোসেন। বিএনপির প্রার্থী হয়েছেন আনিসুর রহমান। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন বাবুল হোসেন রাজু। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন কামরুল ইসলাম সাচ্চু। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুল্লাহ দুলাল, শেখ হামযাহ খাদিমী, এ এইচ এম মাসুদুল আলম, খোরশেদ আলম ও শামছুল হক।
দেলদুয়ারের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলো জানা গেছে, দুটি ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকলেও তাঁরা নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারবেন না। তবে পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে উপজেলা আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। মনোনয়নবঞ্চিতরা প্রকাশ্যে অভিযোগ করছেন, টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি করা হয়েছে। আটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর ত্যাগ বা যোগ্যতা মূল্যায়ন করা হয়নি। ডুবাইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমান বলেন, ‘আমি একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সারা বছর মাঠে ছিলাম। তারপরও আমাকে মনোনয়ন দেওয়া হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, মনোনয়ন না পেয়ে অনেকেই উল্টাপাল্টা অভিযোগ করছেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।