দলীয় বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের চেষ্টা করছে সরকার। বিএনপি তা মানবে না। একই সঙ্গে তিনি বলেন, কোনো দলীয় প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হলে জনগণ তা মানবে না।মহান মে দিবস উপলক্ষে গত রোববার বিকেলে গাজীপুরের কোনাবাড়ি কলেজের মাঠে শ্রমিক-জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবি করে সরকারের উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে জনপ্রিয়তা যাচাই করুন।’গাজীপুর জেলা শ্রমিক দল আয়োজিত এই সমাবেশ উপলক্ষে টঙ্গী থেকে কোনাবাড়ি পর্যন্ত শতাধিক তোরণ এবং সড়কের দুই পাশ ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়। যাওয়ার পথে বিভিন্ন মোড়ে দলীয় কর্মী-সমর্থকেরা সমবেত হয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, আগামী নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে সরকার কারচুপির নীলনকশা প্রস্তুত করছে। ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে কারচুপির অনেক সুযোগ রয়েছে। তাই এ পদ্ধতি নির্বাচনে ব্যবহার করা হলে বিএনপি মানবে না।খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে শেয়ারবাজার লুটপাট করেছে, এবারও লুটপাট করে ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। তিনি বলেন, ‘এ সরকার দুর্বল সরকার। এরা তাদের প্রভুদের নারাজ করতে চায় না। তারা আমাদের স্বাধীনতা অন্যের হাতে তুলে দিতে চায়। আমরা বন্ধু মানি, কিন্তু প্রভু মানি না।’বিএনপির চেয়ারপারসন পুলিশ ও সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ার করে বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। আন্দোলন কর্মসূচিতে যাঁরা আমাদের নেতা-কর্মীদের নির্যাতন করছেন, তাঁদের নাম লিখে রাখা হচ্ছে, চেহারাও চিনে রাখা হচ্ছে। জবাবদিহি করতে হবে, চাকরিও যেতে পারে।’