ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে দলীয় বিবেচনায় এক শিক্ষককে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা দলের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন। তাঁরা ওই নিয়োগ বন্ধ রাখারও দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও ফার্মেসি অনুষদের শিক্ষক আবুল হাসনাত বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ফার্মেসি অনুষদের নির্বাচিত ডিন হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অসুস্থ হওয়ার পর অনুষদের সাবেক নির্বাচিত ডিন আবদুর রশীদকে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু নতুন ডিন নির্বাচন না দিয়ে ১২ মার্চ এক পত্রের মাধ্যমে আবদুর রশীদকে বাদ দিয়ে ১৩ মার্চ নীল দলের শিক্ষক আ ব ম ফারুককে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেন উপাচার্য।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন, তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।