দলীয় মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক না পেলেও আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। গণসংযোগকালে প্রার্থীদের কথায় এ ধরনের ইঙ্গিত বহন করছে বলে ভোটাররা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগে থেকেই আওয়ামী লীগের পাঁচজন মেয়র পদে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন নিতে চেষ্টা করছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সদস্য ও বর্তমান পৌর মেয়র এ জি এম বাদশা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন তরফদার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
শরিফুল ইসলাম খান বলেন, ‘আমি দলের পরীক্ষিত সৈনিক। দল করতে এসে অনেকবার মামলা-হামলার শিকার হয়েছি। অনেক দিন জেলখানার চার দেয়ালে বন্দী ছিলাম। জমিজমা বিক্রি করে একবার নির্বাচন করেছি। তাই আমি দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছি।’
পৌর মেয়র এ জি এম বাদশা বলেন, ‘কে কীভাবে রাজনীতি করেছে, তা পৌরবাসী জানে। তাই গত নির্বাচনে ধুনটের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। এ কারণে এবারও আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।’
আল আমিন তরফদার বলেন, ‘পৌরবাসী আমাকে বিগত দিনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করেছেন। এবার কেন্দ্রীয় এক নেতার কাছে দলীয় মনোনয়ন চেয়েছি। তিনি আমাকে মনোনয়ন দিতে আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় সমর্থন না পেলেও আমি নির্বাচন করব।’
টি আই এম নুরুন্নবী তারিক বলেন, ‘শ্রম-ঘাম-রক্তের বিনিময়ে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করে বর্তমানে দলের সভাপতির পদে দায়িত্ব পালন করছি। আমি দলের সভাপতি হিসেবে মনোনয়ন চাইব। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর সাথেই উজ্জীবিত হয়ে নির্বাচনে কাজ করে যাব।’
তবে এলাকার বেশ কয়েকজন ভোটার বলেন, মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মুখে যা-ই বলুন না কেন, তাঁদের ভোট চাওয়ার কৌশল একটু আলাদা। দলের মনোনয়ন না পেলেও নির্বাচন করার ইঙ্গিত দিচ্ছেন তাঁরা।
এদিকে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব কাটেনি। দলের একাধিক নেতা বলেন, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মধ্যে সমঝোতা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই পৌরসভা নির্বাচন নিয়ে কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম ওরফে মামুন মনোনয়নের বিষয়ে দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন না। এরপরও পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দীন হারুন মণ্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মাহবুব হোসেন ওরফে চঞ্চল প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে আকতার আলম সেলিম দলের নির্দেশনা ছাড়াই মনোনয়নপত্র তুলেছেন।
তৌহিদুল আলম বলেন, ‘দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এ সিদ্ধান্ত এখনো আসেনি। তাই এখনো প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলের তিন নেতা নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন।’