জয়পুরহাট ও কালাই পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার তাঁরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির গতবারের বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের কেউ দলীয় মনোনয়ন পাননি।
গত পৌরসভা নির্বাচনে জয়পুরহাট পৌরসভায় আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করেন আওয়ামী লীগের তদানীন্তন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা কমিটির সদস্য নন্দলাল পার্শী। গত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী আবদুল আজিজ মোল্লার কাছে পরাজিত হন। নন্দলাল পার্শী এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
জয়পুরহাট জেলা বিএনপি গত পৌর নির্বাচনে দলীয় সমর্থন দেয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে। তিনি সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবার প্রার্থী হননি। বিএনপি এবার দলীয় মনোনয়ন দিয়েছেন জেলা কমিটির সদস্য অধ্যক্ষ শামছুল হককে।
জামায়াতের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়পুরহাট পৌর নির্বাচনে জয়পুরহাট পৌর জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেন।
কালাই পৌর নির্বাচনে গতবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করে কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার মেয়র নির্বাচিত হন। এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুল আলম।
জেলা আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন না করলেও কালাই পৌরসভা থেকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান ওরফে কাজল এবং জেলা যুবলীগের সহসভাপতি হেলাল উদ্দিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া নির্বাচনে পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমান মনোনয়নপত্র জমা দেন।