দলীয় মনোনয়ন পাননি ৭ ইউপির চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানরা এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাঁদের মধ্যে চেয়েও দলীয় মনোনয়ন পাননি সাতজন। এ বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বলেছেন, জনসমর্থন ও তৃণমূলের মতামত বিবেচনায় নিয়েই দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান ইউপি চেয়ারম্যানদের সবাই আওয়ামী লীগ ও বিএনপির নেতা। দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ দলের কাছে আবেদনও করেছিলেন। তাঁদের মধ্যে শুধু আচমিতা ইউপির চেয়ারম্যান আবু হানিফা ও জালালপুর ইউপির চেয়ারম্যান শাহনেওয়াজ ভূইয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। অন্য সাতজন মনোনয়নবঞ্চিত।
চেয়েও নৌকা প্রতীক পাননি সহশ্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আলতাফ উদ্দিন ও বনগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘আসলে কে চেয়ারম্যান, কে নন, আমাদের কাছে এই তথ্যটি প্রধান ছিল না। এই মুহূর্তে জনসমর্থন কার পক্ষে আছে, এটিই ছিল মূল ভাবনা। তা ছাড়া প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতকে গুরুত্ব দেওয়া হয়েছে।’
অন্যদিকে, বিএনপির মনোনয়ন চেয়ে পাননি চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর, লোহাজুরী ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়া, করগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল হক ও মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান ছেনু মিয়া। তাঁদের মধ্যে মাহতাব উদ্দিন সফল জনপ্রতিনিধির স্বীকৃতি হিসেবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্বর্ণপদকসহ ১২টি পদক পেয়েছেন। ছেনু মিয়া পেয়েছেন একটি স্বর্ণসহ চারটি পদক। আবু বক্কর হয়েছেন জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান। হায়দার মারুয়া ১৯৮৮ সাল থেকে টানা ২৭ বছর ধরে চেয়ারম্যান। তিনিও একাধিক পদক পেয়েছেন।
গত রোববার সরেজমিনে লোহাজুরী, মসূয়া ও মুমুদিয়ায় বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, সরাসরি নির্বাচন করার সুযোগ না পাওয়ায় ছয়টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে জামায়াত। তবে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বর্তমান চেয়ারম্যানদের।
মনোনয়নবঞ্চিতদের মধ্যে চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন, ‘আমি বর্তমান চেয়ারম্যান। ভালো কাজের জন্য পদকও পেয়েছি। দল (বিএনপি) কোনো কিছুই মূল্যায়ন করল না। কিন্তু আমার তো আর পিছিয়ে থাকার সুযোগ নেই। শেষে জনগণের প্রার্থী হয়ে মাঠে আছি।’
মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান ছেনু মিয়া বলেন, ‘২৩ বছর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম। উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবেও নেতৃত্ব দিয়েছি। শেষে মনোনয়ন-বাণিজ্যের কাছে রাজনৈতিক ত্যাগ ভেস্তে গেছে।’
লোহাজুরী ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়াও প্রায় একই মন্তব্য করেন। জানতে চাইলে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি তোয়াজ্জল হোসেন খান বলেন, তৃণমূলের মতামত ও জনসমর্থন বিবেচনায় দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। এ কারণে বর্তমান চেয়ারম্যানরা বাদ পড়ে গেছেন।
এই উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন কাল ৩১ মার্চ।