দলীয় মনোনয়নের পদ্ধতি কেমন হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শরীয়তপুরের মনোনয়নপ্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন। কিন্তু নির্বাচনে দলীয় মনোনয়ন কীভাবে চূড়ান্ত করা হবে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা তা স্পষ্ট না করায় তাঁরা বিভ্রান্তিতে পড়েছেন। বিষয়টি বিস্তারিতভাবে জানতে চান তাঁরা।
গত মঙ্গলবার নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যেই দলগুলোকে প্রার্থী বাছাই চূড়ান্ত করতে হবে।
তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের অনেকে ব্যানার-পোস্টার ছেপে লাগিয়েছেন। মনোনয়ন পেতে স্থানীয় নেতা ও কেন্দ্রীয় নেতাদের কাছে ভিড় করছেন। কিন্তু কেউই জানেন না কীভাবে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক মাতবর বলেন, ‘মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টি নেতাদের বলেছি। কিন্তু আমরা জানি না কারা, কীভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন।’
ভেদরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘আমার যারা মনোনয়ন চাইছি, তারা কেউ জানি না কোন পদ্ধতিতে দলীয় প্রার্থী ঠিক করা হবে। সবাই সাংসদ ও দলের প্রভাবশালী নেতাদের কাছে যাচ্ছি। দলের উচিত বিষয়টি পরিষ্কার করা।’
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, দলীয় মনোনয়ন কোন পদ্ধতিতে চূড়ান্ত করা হবে জানতে পারলে মনোনয়নপ্রত্যাশীদের কাজ করতে সুবিধা হতো।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, কীভাবে দলীয় মনোনয়ন দেওয়া হবে, এ বিষয়ে কেন্দ্র থেকে কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি। তাই মনোনয়নপ্রত্যাশীদের কাছে বিষয়টি পরিষ্কার করে বলতে পারছেন না তাঁরা।
এদিকে পৌরসভাগুলোতে অন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। বিএনপি ও জাতীয় পার্টির কোনো মনোনয়নপ্রত্যাশীর ব্যানার বা পোস্টার চোখে পড়েনি। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, নির্বাচন তাঁরা করবেন কি না এ বিষয়ে কেন্দ্র থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্র থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত এ বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি নন বলে জানান।