দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুল ইসলামকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
উপজেলার কাশিপুর বাজারে গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল ও সভা করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ভাসানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল ইসলামের মৃত্যুর কারণে এ আসন শূন্য হয়ে যায়। ইউপির উপনির্বাচনের প্রার্থী বাছাই করতে গত সোমবার বিকেলে কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয়ে এক বর্ধিত সভা করে উপজেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় ছয়জন দলীয় মনোনয়ন চান। পরের দিন তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে একটি তালিকা পাঠায় উপজেলা আওয়ামী লীগ।
গত শুক্রবার উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক সরকারকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এ সিদ্ধান্ত জানতে পেরে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও কামরুলের সমর্থকেরা।
কামরুল ইসলাম বলেন, বর্ধিত সভায় প্রার্থী বাছাইয়ে ৩৩ ভোটের মধ্যে তিনি ৩১ ভোট পেয়েছেন। কিন্তু উপজেলা থেকে দেওয়া তালিকায় তাঁর নাম দুই নম্বরে ছিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ বলেন, কোনো রকম প্রভাবিত না হয়ে দলীয় মনোনয়নের জন্য তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। বর্ধিত সভায় কোনো ভোট হয়নি, শুধু আলোচনার মাধ্যমে দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে।