দলীয় মনোনয়নপত্র জমা দিয়েই ব্যতিক্রমী প্রচারণায় জামাল উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার আসায় দলীয় মনোনয়নপত্র সংগহ করে জমা দিয়েই নির্বাচনী মাঠে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন অর্থনীতিবিদ জামাল উদ্দিন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নারীদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে তিনি ব্যতিক্রমী প্রচারণা শুরু করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থনৈতিক গবেষণা সেলের সদস্য জামাল উদ্দিন আহমেদ ২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। জামাল উদ্দিন বিগত পাঁচ বছরে সেনবাগে সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতা-কর্মী এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ফিরিস্তি দেন।
২০০১ সালের নির্বাচনে তিনি মনোনয়ন না পেলেও দলের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। বিগত নির্বাচনেও দলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করেছেন, এ জন্যই সেনবাগে আওয়ামী লীগের ভোট বেড়েছে। তাই এবার এই আসনটিতে দলীয় প্রার্থীর জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। জামাল উদ্দিন বলেন, সেনবাগে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সশস্ত্র সন্ত্রাসীরা সক্রিয় ছিল। তারা বেশ কিছুদিন ঘাপটি মেরে ছিল। এখন আবার বেরিয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি।