দলীয় মনোনয়নের আবেদনপত্র নিলেন সিমিন হোসেন রিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের আবেদনপত্র নিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন ফরম গ্রহণ করেন সিমিন হোসেন রিমি। আজ সোমবার তিনি ফরমটি পূরণ করে দলীয় কার্যালয়ে জমা দেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে গাজীপুর জেলা ও কাপাসিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া জেলার দলীয় সাংসদ এবং কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সিমিন হোসেনের ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। সোহেল তাজ তার আগে মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছিলেন।ভাইয়ের অভিনন্দন: এদিকে উপনির্বাচনে প্রার্থী হওয়ায় সিমিন হোসেন রিমিকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন ছোট ভাই সোহেল তাজ। গতকাল বনানীর ডিওএইচএসের বাসায় সাংবাদিকদের কাছে রিমি এ কথা জানান। তিনি বলেন, ‘ছোট ভাই সোহেল তাজের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, কাপাসিয়ার অভিভাবকহীন জনগণের দায়িত্ব নেওয়ার জন্যই আমি আওয়ামী লীগের প্রার্থী হয়েছি।’কাপাসিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সিমিন হোসেন রিমির বাসায় এসে তাঁকে অভিনন্দন জানান এবং নির্বাচনে বিজয়ী হতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ছোট ভাই সোহেল তাজ প্রসঙ্গে সিমিন হোসেন রিমি বলেন, ‘সবার একটা ব্যক্তিস্বাতন্ত্র্য রয়েছে। ওর ক্ষেত্রে সে হয়তো সঠিক ছিল।’রিমি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান।