দলীয় মেয়র পদপ্রার্থী ছয়জন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ছয়টি পৌরসভার মধ্যে বরুড়ায় দলীয় মেয়র প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ছয়টি রাজনৈতিক দল মেয়র প্রার্থী দিয়েছে। বাকি পৌরসভাগুলোয় সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ চারটি রাজনৈতিক দল মেয়র প্রার্থী দিয়েছে। দলীয় প্রার্থী বেশি থাকায় বরুড়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বরুড়া পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী আবুবকর সিদ্দিক বলেন, পৌরসভায় আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য ও সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, বিএনপির উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, জাতীয় পার্টির পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ মিয়াজী, জাসদের (ইনু) উপজেলা কমিটির সভাপতি অজিত কুমার দত্ত, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং ইসলামী ফ্রন্টের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন ভূঁইয়াও লড়ছেন। রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার নাজিম চূড়ান্তভাবে এ সাত প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দলীয় প্রতীক নিয়ে ছয়জন নির্বাচন করবেন।
আওয়ামী লীগের প্রার্থী বাহাদুরুজ্জামান বলেন, ‘দলীয় প্রার্থী বেশি হওয়ায় লড়াইটা ভোটাররা উপভোগ করছেন। যেখানে যাচ্ছি, সেখানেই সাড়া পাচ্ছি।’
বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘দলীয় প্রতীক পাওয়ায় আমার ভোটাররা খুশি।’
জাসদের প্রার্থী অজিত কুমার দত্ত বলেন, ‘দল থেকে জেলায় একমাত্র আমাকেই মেয়র প্রার্থী করা হয়েছে। দলের মূল্যায়নে খুশি হয়েছি।’ অন্য তিন মেয়র প্রার্থীও দলীয় প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বরুড়ায় ছয়টি, হোমনা ও দাউদকান্দিতে চারটি করে, লাকসাম ও চান্দিনায় তিনটি এবং চৌদ্দগ্রামে একটি রাজনৈতিক দল মেয়র নির্বাচনে অংশ নিচ্ছে। সব মিলিয়ে সাতটি রাজনৈতিক দল কুমিল্লায় এবারের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী দিয়েছে।
সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, নিবন্ধন করা আরও বেশি রাজনৈতিক দলের পৌর নির্বাচনে অংশ নেওয়া দরকার ছিল। এতে গণতন্ত্র চর্চা আরও বেগবান হতো।