দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী, আইনজীবী, নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, অপরাধ করেও নিষ্কৃতি পাওয়ার সংস্কৃতির ফল সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক নিপীড়ন। একে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে তাঁরা বলেন, সুষ্ঠু বিচার না হলে এ ধরনের ঘটনা চলতেই থাকবে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্যই দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক হামলার বিচার করতে হবে।
‘মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি: আমাদের করণীয়’ শীর্ষক পরামর্শ সভায় এসব দাবি ওঠে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার এ পরামর্শ সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশনের একটি প্রতিনিধিদল গত সপ্তাহে যশোর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে হামলার শিকার সংখ্যালঘুদের গ্রাম পরিদর্শন করে। পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িকতা নিরসনে নাগরিক, সুশীল সমাজের করণীয় নির্ধারণের জন্য এই পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, সাম্প্রদায়িক হামলার মূল উদ্দেশ্য বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করা। এর পেছনে বৈশ্বিক তৎপরতা আছে। সাম্প্রদায়িক হামলার বিচার সন্ত্রাসবিরোধী আইনে হতে পারে বলে তিনি মত দেন।
লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার লাখ সদস্য নির্বাচনের সময় নিয়োজিত থাকার পরও কেমন করে সংখ্যালঘুদের ঘরবাড়ি আক্রান্ত হলো, সেটি আমার ধারণার বাইরে। ১০ হাজার সদস্যও যদি সক্রিয় থাকত, এমন হামলা হতো না।’ তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার তদন্তে যদি দলীয় বিবেচনা প্রাধান্য পায়, তবে পেশাদার দুষ্কৃতকারীরা উদ্দীপ্ত হবে।
সভার সঞ্চালক ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সাম্প্রতিক সহিংসতা নির্বাচনকেন্দ্রিক নয়। এর শিকড় গভীরে প্রোথিত। এসব হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
কমিশনের সদস্য সাহিত্যিক সেলিনা হোসেন সহিংসতার শিকার দিনাজপুরের কর্ণাই হাট এলাকার মানুষের সঙ্গে আলাপের সূত্র ধরে বলেন, সেখানে হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বলা হচ্ছে, পুলিশ চলে গেলে কে রক্ষা করবে? তিনি হামলার দ্রুত ও কঠোর বিচার দাবি করেন।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার পর কিছু উচ্চবাচ্য হয়। এরপর গণমাধ্যমের দৃষ্টি চলে গেলে সবার দৃষ্টিও হারিয়ে যায়।
পরামর্শ সভায় আরও আলোচনা করেন কমিশনের সদস্য এ্যারোমা দত্ত, আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, সাংসদ এ বি এম তাজুল ইসলাম, আইনজীবী সিগমা হুদা প্রমুখ।
স্বীকৃতি: ৫ জানুয়ারি যশোরের অভয়নগরের মালোপাড়ায় হামলার শিকার গ্রামবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান হাবীব। তাঁদের সেদিনের অবদানের জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।