বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে আবারও ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে আওয়ামী লীগ। সেই স্বপ্ন সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বৃহস্পতিবার বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ৩০ নভেম্বর বিএনপির ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির মহাসচিব তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে হরতালে বাধা, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ৫ ডিসেম্বর থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৭ ডিসেম্বর জেলায় সমাবেশ ও বিরোধী নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ এবং ৯ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে, তারেক-কোকোসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মুক্তাঙ্গনে সমাবেশ। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনের কর্মসূচি পালন করবে। ১৩ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুলের শুভেচ্ছা প্রভৃতি।বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।