দলীয় নেতা-কর্মীদের চাকরি দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে ‘চাপ’ দিয়েছেন আওয়ামী লীগের নগর শাখার একজন নেতা। ওই নেতা দলীয় লোকজন নিয়ে গতকাল সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁকে চাপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ওঠা আওয়ামী লীগের নেতার নাম ডাবলু সরকার। তিনি রাজশাহী আওয়ামী লীগের মহানগর শাখার উপদপ্তর সম্পাদক। বহিরাগত লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যাপারে এভাবে হস্তক্ষেপ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিনও। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাবলু সরকার আওয়ামী লীগের স্থানীয় ও এর অঙ্গসংগঠনের ১৫-২০ জন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে যান। এরপর নেতা-কর্মীদের বাইরে রেখে তিনি ওই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
উপাচার্যের দপ্তর সূত্রে জানা গেছে, উপাচার্যের সঙ্গে কথা শুরু করার পর একপর্যায়ে ডাবলু সরকার বলেন, দল ক্ষমতায় থাকতে চাকরিপ্রত্যাশী নেতা-কর্মীরা যদি বিশ্ববিদ্যালয়ে চাকরি না পান এবং এর জেরে তাঁরা যদি ভাঙচুর করেন, তাহলে তার দায়ভার তিনি নেবেন না।
বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে বহিরাগত লোকজন নিয়ে এভাবে কথা বলতে আসা একধরনের চাপ। এটাকে আমি যুক্তিসংগত মনে করছি না।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতা ডাবলু সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গত প্রশাসনের আমলে কিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর বিপরীতে চাকরিপ্রত্যাশীরা আবেদন করলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি। আবেদনকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীও আছেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁদের পক্ষে স্যারের (উপাচার্য) সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। এটাকে যদি স্যার চাপ মনে করেন, তাহলে আমাদের কিছু বলার নেই।’