আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এ ছাড়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে।গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বিকেল পাঁচটায় বৈঠক শুরু হয়ে মাঝখানে মাগরিবের নামাজের বিরতি দিয়ে রাত ১০টায় তা শেষ হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।বৈঠক সূত্র জানায়, বৈঠকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে বক্তব্য দেন। তিনি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের একটি বক্তব্যের সমালোচনা করেন। শেয়ারবাজার কারসাজির জন্য প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করলেও মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেন। বৈঠকে কেন্দ্রীয় কমিটির সব নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্য সমর্থন করেন। জবাবে মুস্তফা কামাল তাঁর বক্তব্যের অপব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেন। বক্তব্য বিকৃত করা হয়েছে বলে তিনি গণমাধ্যমের ওপরও দোষ চাপান। অবশ্য মুস্তফা কামাল এ বক্তব্যের জন্য বৈঠকে দুঃখ প্রকাশও করেন।জাতীয় সংসদে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করার জন্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের সমালোচনা হয় বৈঠকে। আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের বক্তৃতার সমালোচনা করে বলেন, তাঁর কোনো কথা থাকলে তা সংসদীয় দলের বৈঠকে বলতে পারতেন।সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলা হয়, সামনে আরও নির্বাচন আছে। দলীয় শৃঙ্খলা না থাকলে ওই সব নির্বাচনেও দল বেঁধে প্রার্থী হবে। তাই দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হতে হবে। পরে বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শাও নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, বৈঠকে সাংগঠনিক সম্পাদকেরা বিভাগীয় প্রতিবেদন উপস্থাপন করেন। তবে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দেশের বাইরে থাকায় প্রতিবেদন উপস্থাপন করা যায়নি।সাংগঠনিক সম্পাদকদের মধ্যে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক পৌরসভা নির্বাচনে যশোর জেলায় ভরাডুবির জন্য দলীয় দুই সাংসদ খালেদুর রহমান টিটু ও খান টিপু সুলতানকে দায়ী করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আইইবির কনভেনশন উদ্বোধন: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলীদের প্রতি জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় লাগসই দেশীয় সবুজ প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫২তম কনভেনশন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে তাঁর সরকার সব ধরনের সহযোগিতা দেবে। কেননা সবুজ প্রযুক্তি এখন সময়ের দাবি। বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় আমাদের ধীরে ধীরে এই প্রযুক্তি গ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করছে। এই রূপকল্প বাস্তবায়নে প্রকৌশলীরাই অগ্রণী সৈনিক।