দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে সংগঠনটি। একই অভিযোগে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকেও কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়া ছাত্রলীগের তিন কর্মী হলেন: মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের জোবায়ের, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুর্জয়, কম্পিউটার বিজ্ঞান বিভাগের মেহেরাজ। তাঁরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এঁদের মধ্যে জোবায়েরকে সংগঠন থেকে আজীবন, দুর্জয়কে এক বছর ও মেহেরাজকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের আরিফ এবং ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের আদিব ও শুভকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার রাতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ মশাল মিছিল বের করে। এ মিছিলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে অশালীন মন্তব্য করেন তাঁরা। এর জের ধরে ওই রাতেই শাহজালাল হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের দ্বিতীয় তলার কয়েকটি কক্ষে ভাঙচুর করেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় উচ্ছৃঙ্খল নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমরা।’