দলীয় সংগীত জানেন না সভাপতি পদপ্রার্থীরা!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী কমিটিতে সভাপতি পদ প্রত্যাশীরা কেউই সংগঠনের দলীয় সংগীত কোনটা জানেন না।
গতকাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ আগামী কমিটিতে সভাপতি পদে আগ্রহীদের মঞ্চে আসতে বলেন। তাঁর আহ্বানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী কমিটিতে সভাপতি পদে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের প্রায় সবাই মঞ্চে যান। এ সময় এক এক করে সবাইকে ছাত্রলীগের দলীয় সংগীত বলতে বলেন কেন্দ্রীয় সভাপতি। কিন্তু কেউই এক লাইনও বলতে পারেননি। আবার কেউ কেউ অন্য সংগীত গেয়ে ফেলেন।
এ সময় কেন্দ্রীয় সভাপতিও হেসে সভাপতি পদ প্রত্যাশীদের হাত তুলে উপস্থিত কমীদের উদ্দেশে ‘আমরা সভাপতি হতে চাই না’ বলতে বলেন। পরে দলীয় সংগীত পুরোটা পরিবেশন করে শোনান ছাত্রলীগের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এরশাদুল আলম চৌধুরী।
মঞ্চে যাওয়া সভাপতি পদে আগ্রহীরা হলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তাফা সাইফুল ইসলাম, আহসানুল করিম, সাব্বির আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, নাজমুল নুর ও নাজমুল আলম এবং সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান। তবে সভাপতি পদে আগ্রহী আলমগীর টিপু সম্মেলনে উপস্থিত থাকলেও মঞ্চে যাননি।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল কাদের, মহিউদ্দিন, রিয়াজুদ্দীন, মহসিন করিম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এরশাদুল আলম চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতারা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী। তবে নিজ কর্মীদের হাতে অবাঞ্ছিত সভাপতি মামুনুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি বদিউজ্জামান সোহাগ বলেন, ‘সাম্প্রতিক কালে সাবেক কোনো নেতা ক্যাম্পাসে এলে তাঁকে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছে, তার সঙ্গে জড়িতদের বিচার হবে।’