দলীয় সভাপতি, কাজ না করেই প্রকল্পের টাকা লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজ বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজ না করেই এবং দায়সারাভাবে কাজ করে অধিকাংশ প্রকল্পের টাকা তোলা হয়েছে। প্রকল্পের সভাপতি হয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারা টাকা তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে কাবিখার আওতায় জয়পুরহাটের দুই সাংসদের নামে ফেব্রুয়ারি মাসে ৪২টি প্রকল্পে ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জয়পুরহাট-১ আসনের বিএনপির সাংসদ মোজাহার আলী প্রধানের নামে ২৬টি প্রকল্পে ৪০ লাখ এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহফুজা মণ্ডলের নামে ১৫টি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ হয়। নিয়মানুযায়ী, চার কিস্তিতে টাকা তোলার কথা। কিন্তু প্রকল্পের সভাপতিরা ৩০ জুন কাজ শেষ করার আগেই ৪১টি প্রকল্পের মধ্যে ৩৯টির তিন কিস্তির টাকা ও দুটি প্রকল্পের পুরো টাকা তুলেছেন।পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, সাংসদ মোজাহার আলী প্রধানের প্রকল্পগুলো হচ্ছে: আটটি রাস্তার সংস্কার, একটি ঈদগা, আটটি উচ্চবিদ্যালয়, চারটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসার মাঠ ভরাট ও দুটি খাল খনন। মাহফুজা মণ্ডলের প্রকল্পগুলো হচ্ছে: আটটি রাস্তা ও দুটি শ্মশানের সংস্কার, একটি করে পুকুর ও খাল খনন, দুটি উচ্চবিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট।সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রকল্পের অধীন তিনটি খাল খননের বদলে শুধু দুই পাশের ঘাস পরিষ্কার করা হয়েছে। গদমারি খাল এলাকার আব্বাস আলী মণ্ডল ও ফরহাদ হোসেন জানান, ১০টি উচ্চবিদ্যালয়ের মধ্যে কোতোয়ালীবাগ, বাগজানা ও উচাই বালিকা বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ শুরুই হয়নি। পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কুয়াতপুর ও বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরুই হয়নি। বাকি তিনটিতে আংশিক কাজ হয়েছে। পিয়ারা গ্রামের রেজাউলসহ কয়েকজন জানান, তিনটি মাদ্রাসার মধ্যে মোহাম্মদপুর বেড়াখাই দাখিল মাদ্রাসার কাজ শুরু হয়নি। ১৬টি রাস্তার মধ্যে আটটিতে দায়সারা কাজ হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দলীয় বিবেচনায় কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, একই দলের আওলাই ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ধরঞ্জী ইউনিয়নের সাধারণ সম্পাদক খবির উদ্দিন, বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, আওলাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ধরঞ্জী বিএনপির সভাপতি মাসুদার রহমান এবং উপজেলা জামায়াতের আমির ও আয়মা ইউপির চেয়ারম্যান রুহুল আমিন প্রমুখ প্রকল্পের সভাপতি হয়েছেন।পিআইও এম এ মান্নান দুটি প্রকল্পের পুরো অর্থ ও বাকিগুলোর তিন কিস্তির টাকা দেওয়ার কথা স্বীকার করেন। তবে কোন দুটি প্রকল্পের সব টাকা তোলা হয়েছে, তা তিনি জানাননি। সাংসদ মোজাহার আলী জানান, ‘আটটি ইউপির চেয়ারম্যান, সদস্য ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রকল্পের সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাঁরা প্রকল্পের তালিকা দিয়েছেন। প্রকল্পগুলো চূড়ান্ত করার দায়িত্ব ছিল প্রকল্প কর্মকর্তার। কাজ না করে কাউকে টাকা দেওয়ার অনুমতি আমি দিইনি।’ এই আটটির মধ্যে ছয়টির বিএনপি ও একটি করে ইউপি চেয়ারম্যান, জামায়াত ও আওয়ামী লীগের।সাংসদ মাহফুজা মণ্ডল প্রকল্পগুলোর সভাপতি দলীয় বিবেচনায় নির্বাচিত করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে বিভিন্ন দলের উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাদের ভূমিকা ছিল। প্রকল্পগুলো ফলোআপের দায়িত্ব সরকারি কর্মকর্তাদের। সরষের মধ্যে ভূত থাকলে আমাদের করার কিছু থাকে না।’