দলীয় সমর্থন চূড়ান্ত করতে ভোটাভুটি
কয়েক দিন ধরে সভা করেও মেয়র পদে কাউকে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেনি দিনাজপুরের হাকিমপুর পৌর আওয়ামী লীগ। অবশেষে গতকাল মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয়। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত গোপন ব্যালটে এই ভোটাভুটি হবে।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহীনুর রেজা জানান, আওয়ামী লীগের পৌর কমিটি এবং এর অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকসহ মোট ৫৩ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে মেয়র পদে প্রার্থী বাছাই করবেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ মাস্টার বলেন, তিন দিন ধরে সভা করেও দলের প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তিনি জানান, বুধবারের মধ্যে বিষয়টির কোনো সুরাহা না হলে উপজেলা আওয়ামী লীগের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হবে।দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান মেয়র কামাল হোসেন ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জামিল হোসেন মেয়র পদে দলের সমর্থন চাইছেন। দুজনের একজন দলীয় সমর্থন পেলে অন্যজন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাঁরা কেউ কাউকে ছাড় দিতে চান না। কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি জনগণের রায় নিয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছি। জনগণ এখনো আমাকে চায়। তাই আমি দলীয় কোনো ভোটাভুটির সিদ্ধান্ত মানি না।’ জামিল হোসেন বলেন, ‘দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’