গাইবান্ধার তিনটি পৌরসভা নির্বাচন সামনে রেখে আগে থেকেই গণসংযোগ চালাচ্ছিলেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা। এ তিন পৌরসভা হলো: গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ। এবার দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় প্রার্থীদের মধ্যে গণসংযোগের চেয়ে দলের সমর্থন জোগাড়েই বেশি তৎপরতা লক্ষ করা গেছে। তফসিল ঘোষণার পর গত দুই দিনে অবশ্য আগ্রহী প্রার্থীরা গণসংযোগ আগের চেয়ে বাড়িয়েছেন।
এবার আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর সংখ্যা বেশি। দলীয় মনোনয়ন পেতে অনেকে স্থানীয় সাংসদ ও দলের শীর্ষ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।
গাইবান্ধা: মেয়র পদে গাইবান্ধা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পিয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। তাঁরা দলীয় মনোনয়ন পেতে স্থানীয় সাংসদ ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন।
শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চাইব। আমি দলের মনোনয়ন পাওয়ার দাবিদারও। কারণ বিগত দিনে জামায়াত-শিবিরের নাশকতার বিরুদ্ধে আন্দোলন এবং গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করেছি। আর দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হব বলে আশা করছি।’
এ ছাড়া বর্তমান মেয়র শামছুল আলম, ব্যবসায়ী আনোয়ারুল সরওয়ার সাহিব মিয়া এবং গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মির্জা হাসান স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক এবং পৌর বিএনপির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনো কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে দলীয় মনোনয়ন চাইব।’
গোবিন্দগঞ্জ: মেয়র পদে বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান, সদস্য মোকাদ্দেস আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল শেখ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ ও জিয়া পরিষদের নেতা জিয়াউর রহমান বিএনপি এবং পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন।
বিএনপির ফারুক আহম্মেদ বলেন, ‘এই নির্বাচনে বিএনপি অংশ নিলে আমি দলীয় মনোনয়ন চাইব।’
বর্তমান পৌর মেয়র আতাউর রহমান বলেন, ‘এই পৌরসভায় তিন দফায় ভোট হয়েছে। এর মধ্যে আমি দুবার নির্বাচিত হই। এবার দলীয়ভাবে নির্বাচন হবে। আমি দলের মনোনয়ন চাইব।’
এ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পৌরসভার খলসি এলাকার স্কুলশিক্ষক রেজাউল করিম বলেন, ক্ষমতাসীন দল এ নির্বাচনে প্রভাব না খাটালেই কেবল তৃণমূল পর্যায়ে দলের অবস্থা বোঝা যাবে।
সুন্দরগঞ্জ: বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশীষ রায় আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পৌরসভার উপনির্বাচনে জামায়াতের প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছি। দেশে এই প্রথম দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে মনোনয়ন পেতে শীর্ষ নেতা-কর্মীদের সবার সঙ্গে কথা বলছি।’