বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নইলে এ দেশের মানুষ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেবে না। গতকাল সোমবার চট্টগ্রামের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আদালত চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে শাহাদাৎ হোসেন এ কথা বলেন। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে গড়িমসি করা হলে এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। সেই আন্দোলন কর্মসূচি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগির ঘোষণা করবেন। গত ২৯ মে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মশাল মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে গেলে দলীয় কার্যালয় চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ শাহাদাৎ হোসেনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও মোস্তফা জামান ইসলামের সমম্বয়ে গঠিত বেঞ্চ শাহাদাৎ হোসেনকে ছয় সপ্তাহের জামিন দেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিনের মেয়াদ বাড়িয়ে ২০ আগস্ট শুনানির দিন ধার্য করেন।