দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে অধিকাংশ বক্তা একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁরা বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘চলমান রাজনৈতিক সংকটের উত্তরণ কোন পথে?’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম হাফিজউদ্দিন খান এতে সভাপতিত্ব করেন।বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য দেশের বড় দুটি রাজনৈতিক দলকে সংলাপে বাধ্য করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। প্রয়োজনে ওই সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকার’ না বলে অন্য নামে ডাকা যেতে পারে।বৈঠকে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের নিরপেক্ষতার ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারেন না। কারণ, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কতটা কঠিন তা দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি।’ তিনি বলেন, দলীয় সরকারের অধীনেও নির্বাচন হতে পারে বলে মর্মে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দেওয়া ঠিক হয়নি।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘যারা জোর করে ক্ষমতা দখল করেছে, আমরা তাদের বিচার করতে পারিনি। বিচার করা গেলে এখন যা ঘটছে তা ঘটত না।’ তিনি বলেন, কারা ওয়ান-ইলেভেনের মতো অগণতান্ত্রিক সরকার ডেকে আনে তা সবাই জানে। তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘সেনাশাসনের ক্ষেত্র রাজনৈতিক নেতারাই তৈরি করেন। এখন কেউ কাউকে বিশ্বাস করছে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।’ বিশিষ্ট আইনজীবী শাহ্দীন মালিক বলেন, নির্বাচনের দেড় বছর আগেই বিরোধী দল সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। সরকারি দল তাদের নীতি পরিবর্তন করছে না। সাংসদ ফজলুল আজিম বলেন, ‘সংবিধানের ৭ (খ) অনুযায়ী সংবিধানকে বাইবেল বানানো হয়েছে। এটা সংশোধন করা যাবে না, এমনটি নয়। এটাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করতে হবে।’ রাজনীতিবিদ ও কলামিস্ট মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সংবিধান পরিবর্তন করার কথা বললে সেটা সংবিধানবিরোধী হয়। কিন্তু কালোটাকা সাদা করাটাও সংবিধানবিরোধী।’ মূল প্রবন্ধ পাঠ করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রেহমান, সিপিবির নেতা রুহিন হোসেন প্রমুখ বক্তৃতা করেন।