বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান বলেছেন, ‘জনগণের আশার প্রতিফলনে ব্যর্থ সরকার আবার ক্ষমতায় আসার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে রহিত করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মানি না, মানব না।’ তিনি গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালী পৌর হলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আবদুল্লাহ আল-নোমান বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনে সংবিধান সংশোধন করে জনগণের প্রত্যাশিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করতে হবে। তা না করা হলে গণ-আন্দোলনের মাধ্যমে তথাকথিত নির্বাচন করতে দেওয়া হবে না। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক সাবের হোসেন প্রমুখ।