বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুুরী বলেছেন, সরকারি দল যদি গায়ের জোরে আগামী নির্বাচন তাদের পক্ষে নেওয়ার জন্য কূটকৌশল অবলম্বন করে, তাহলে গণতন্ত্র নিশ্চিতভাবে বিপন্ন হবে। গতকাল শুক্রবার বিকেলে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারার কর্মী সমাবেশ ও রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় বি. চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশকে অরাজকতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে। এ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। ফলে গণতন্ত্র নিশ্চিতভাবে বিপন্ন হবে।বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য এ সরকার কিছুই করেনি। প্রায় বৃষ্টিহীন মৌসুমে কৃষক ধানের বাম্পার ফলন করেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। ফলে তাঁরা যদি ধান উৎপাদন ছেড়ে দেন, তাহলে দেশ খাদ্যঘাটতির দিকে চলে যেতে পারে।বদরুদ্দোজা চৌধুুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাকশিল্প ধ্বংস করার চক্রান্ত চলছে। এরই মধ্যে এই খাতটি কব্জা করার জন্য বিদেশিরা তুমুল প্রতিযোগিতা শুরু করেছে। সুতরাং এ খাতকে রক্ষার জন্য সাবধান হতে হবে।শ্রমজীবীধারার সভাপতি মো. আয়নুল হকের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, দলের ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মাহবুব আলী, নাজমুল করিম, মো. ওয়াসিমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।