দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে। নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো ধরনের সরকারের অধীনে নির্বাচন করতে দেবে না দলটি।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত পৃথক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। বিএনপির শীর্ষপর্যায়ের আটক নেতা এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সংগঠনগুলো এই কর্মসূচি পালন করে। পৃথক মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া। মানববন্ধনে বিএনপির আটক নেতাদের নিজ নিজ জেলার দলীয় নেতা-কর্মীরা ব্যানার নিয়ে অংশ নেন। প্রেসক্লাবের সামনের ফুটওভারব্রিজ থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়কে অন্তত ৩০টি ব্যানার নিয়ে নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন। খন্দকার মোশাররফ হোসেন একটি মানববন্ধনে বলেন, সরকার অন্যায়ভাবে বিএনপি ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের আটক করেছে। তিনি বলেন, নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আরেক মানববন্ধনে এম কে আনোয়ার বলেন, সরকার বিএনপিকে বাদ নিয়ে একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে। কিন্তু এটা সফল হবে না। বিএনপি নির্বাচন প্রতিহত করবে। তিনি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান।