দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী সংসদ নির্বাচনে যাবে না। দলীয় সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের সেবারহাট, ফকিরেরহাট, ছমির মুন্সিরহাটসহ কয়েকটি স্থানে আয়োজিত পথসভা ও কর্মী সমাবেশে জয়নুল আবদিন ফারুক এ সব কথা বলেন। তিনি বলেন, এ সরকার তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যে নির্বাচনের পাঁয়তারা করছে, তা দেশপ্রেমিক জনগণকে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে প্রতিহত করা হবে। জয়নুল আবদিন আরও বলেন, এ সরকার ভারতের সঙ্গে কী কী চুক্তি করেছে, তা দেশবাসী জানতে চায়। সংসদের মাধ্যমে এসব চুক্তি প্রকাশ করা হোক। তিনি বলেন, একটি স্বাধীন দেশের ওপর দিয়ে ট্রানজিটের নামে কীভাবে অন্য দেশের গাড়ির বহর আসে-যায় এবং এসব গাড়ির বহরে কী যাচ্ছে, আসছে—তা জানতে চায় দেশবাসী।এসব পথসভা ও কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, সেনবাগ উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর উল্লা রাসেল, বিএনপির নেতা আবদুল্লা আল মামুন, মমিন উল্লা, আবু ইউছুফ মজুমদার, আবদুর রহমান, জাহিদুল হক, ফারুক বাবুল বক্তব্য দেন। হরতাল চলাকালে ঢাকায় সংসদ ভবন এলাকায় পুলিশি নির্যাতনে আহত হওয়ার পর চিকিৎসা শেষে প্রায় চার মাস পর নিজ নির্বাচনী এলাকায় এলেন জয়নুল আবদিন।