গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রুগ্ণ রাজনীতি দিয়ে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সুস্থ রাজনীতি নিশ্চিত করে এর চর্চা করতে হবে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।‘নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেমিনারে সংবিধানপ্রণেতা ড. কামাল বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) শক্তভাবে আইন প্রয়োগ করতে হবে। দুই দল কী পছন্দ করল, করল না—তার থেকে জনগণের চাওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নতুন নির্বাচন কমিশনের উদ্দেশে এই আইন বিশেষজ্ঞ বলেন, ‘আপনাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার আজিজের অধীন নির্বাচন কমিশন ভুয়া ভোটার তৈরির সঙ্গে জড়িত থেকে মানুষের আস্থা হারিয়েছিল। শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জন করেছিল। তাই নতুন নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ, আস্থা অর্জনের জন্য দায়িত্ব পালনে দ্বিধাবোধ করবেন না।’ সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, মুখে মুখে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বললেই হবে না, বাস্তবেও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ‘আমরা যে পর্যায়ে কাজ রেখে এসেছি, সেখান থেকে শুরু করলে নির্বাচন কমিশনের সুবিধা হবে। তবে আগামী জাতীয় নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে—সেটিই এখন সবচেয়ে বড় সমস্যা।’ আরেক সাবেক কমিশনার ছহুল হোসাইন বলেন, ‘এ দেশে নির্বাচনের অর্থ ছিল পেশিশক্তির দাপট, কালো টাকার ছড়াছড়ি। আমরা নীতির ওপর শক্ত ছিলাম বলেই নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন হয়েছে। তবে প্রতিটি কাজের সময় আমাদের পরিণতির কথা ভাবতে হয়েছে। তাই অনেক সময় আমরা কঠোর হতে পারেনি।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, আগের নির্বাচন কমিশন কাজ করে একটি পর্যায়ে পৌঁছেছিল। তারা নতুন ইসির জন্য কাজ অনেক কঠিন করে গেছে। তাই নতুন কমিশনকে সততা ও নিষ্ঠার পাশাপাশি সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, গণতন্ত্র এখন নির্বাচনে বিলীন হয়ে গেছে। ক্ষমতার বৈধতার জন্যই যেন নির্বাচন হয়। কিন্তু গণতন্ত্র কেবল নির্বাচনে শেষ হতে পারে না। বরং নির্বাচন দিয়ে গণতন্ত্রের শুরু। সেমিনার সঞ্চালনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান। মূল প্রবন্ধে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি ও তার শরিকেরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে কি না, তা পুরোপুরি কমিশনের ওপর নির্ভর করে না। বরং বহুলাংশে নির্ভর করবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের ওপর। তবে আগের কমিশন অনেক কাজ সহজ করে দিয়ে গেছে।