নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো সাজানো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুক। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওসমান ফারুক আরও বলেন, ’৭১ সালের পরে আর কখনো দেশ এমন সংকটে পড়েনি। দেশের গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি আজ বিপর্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। দলের জেলা শাখার সভাপতি আহমেদ আযম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মাহমুদুল হাসান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান ও গৌতম চক্রবর্তী, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও খাদিজা ইমদাদ, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য ফকির মাহবুব আনাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা বিএনপির সহসভাপতি ছাইদুল হক ও আলী ইমাম প্রমুখ।